সাহস থাকলে ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরুক, জায়গা হবে কারাগারে

বিক্ষোভ সমাবেশে মাহবুবের রহমান শামীম

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেশকে সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় রয়েছে বিএনপির।

গত সোমবার বিকেলে নগরের হালিশহর বিব্লক ট্রেড স্কুল মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে হালিশহর আব্বাসপাড়া বিহারি কবরস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রেড স্কুল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম বলেন, সাহস থাকলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে আসুন। দেশে এলে তার জায়গা হবে কারাগারে। গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও লুটপাটের যেসব অভিযোগ রয়েছে, সেসবের বিচার জনগণ চায়।

সাম্প্রতিক বিভিন্ন মিছিলসমাবেশের প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলনসংগ্রাম করেছে। হঠাৎ করে মিছিল করে কোনো লাভ হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুকের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী, মহসিন আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছ, নজরুল ইসলাম মানিক, সেলিম রেজা, মো. ইউনুস, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল মাবুদ, দেলোয়ার হোসেন বজল, বদিরুজ্জামান রুবেল, মো. রহমান, মুজিবুর রহমান, মো. আসিফ ও মীর আসিফসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পতিত স্বৈরাচারের দোসররা
পরবর্তী নিবন্ধগাউসুল আজম (রা.) শরীয়ত ও তরীকতের সমন্বয়ে আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছেন