সাদেকা হালিমসহ ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত

আরও চারজনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে ‘অশিক্ষকসুলভ আচরণ’, ‘নৈতিক স্খলনজনিত অপরাধের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, ভিন্ন অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছে আরও দুই শিক্ষকের বিরুদ্ধে। বাকি দুই শিক্ষক হলেননিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক আফরোজা শেলী। এছাড়া একজন শিক্ষককে বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে এবং তিনজন শিক্ষককে সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। অন্য তিন শিক্ষক হলেনওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার) এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন। খবর বিডিনিউজের।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সাদেকা হালিমসহ তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বলেন, যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আলাদা আলাদা অভিযোগ ও আলাদা কমিটি করা আছে। এসব শিক্ষকের বিরুদ্ধে প্রথমে তথ্য অনুসন্ধান কমিটি এবং পরে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাবে তাদের বিষয়ে পরে ট্রাইব্যুনাল গঠনের তথ্য দিয়ে তিনি বলেন, আর যদি অভিযোগ প্রমাণ না হয় তাহলে তারা অব্যাহতি পাবেন।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে ভিসা বাতিল ৬২৬ জনের,পাঁচ হাজার নয়
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত