সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সত্য নয় বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, খবর প্রকাশিত হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ভাইদের ভিসা অটো ক্যানসেল হচ্ছে। পাঁচ হাজার বা কিছু সংখ্যা বলা হচ্ছে, যে সংখ্যাটা সঠিক নয়। আরব আমিরাতে আমাদের দূতাবাসের তথ্য হচ্ছে, ৬২৬ জন বাংলাদেশির ভিসা অটো ক্যানসেল হয়েছে। এটা দেশ নির্দিষ্ট না, পাকিস্তান, ফিলিপাইন, নেপালসহ আরো অন্যান্য দেশের নাগরিকদের ক্যানসেল হয়েছে, যেটা বিভিন্ন কারণে। বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিয়ে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্রসহ অন্যদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য আমরা পাঠিয়েছি। বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি। খবর বিডিনিউজের।
ভিসা নবায়ন না হওয়ার বড় কারণ ভুয়া কাগজপত্র মন্তব্য করে তিনি বলেন, আরব আমিরাত সরকার যখন ধরতে পারে, তখন তারা সেই ভিসাটা আর রিনিউয়াল করছে না। আইন মেনে না চলায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যে দেশে কাজ করছে, সে দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি। প্রবাসীদের বিষয়ে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে। তারপরও যখন আইনভঙ্গ করা হয়, তখন আমাদের জন্য কঠিন হয়ে যায়। প্রবাসীদের আইন বর্হিভূত কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমিরাতের চাকরিদাতা কোম্পানিগুলোর সঙ্গে আবুধাবি দূতাবাস যোগাযোগ করছে। চাকরি হারানোর কারণে যাদের ভিসা অটো ক্যানসেল হয়েছে, তাদেরও কিছু দায়দায়িত্ব আছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার সচেষ্ট দাবি করে তিনি বলেন, বেশি টাকা যাতে না দিতে হয় এবং দুই নম্বর কোম্পানি যাতে প্রতারণা না করতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।











