সাজেকে বাতিল হলো কঠিন চীবর দানোৎসব

টানা অবরোধের প্রভাব

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে এবার অনুষ্ঠিত হচ্ছে না বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দানোৎসব। সাজেকের চলমান পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণ দেখিয়ে উৎসবটি বাতিল করেছে বিহার কর্তৃপক্ষ। বিহার কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঘাইহাট বনানী বন বিহারে আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য শুভ কঠিন চীবর দানোৎসব বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিহার পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা বলেন, সাজেকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে কমপক্ষে ১০ থেকে ১৫ দিন আগে প্রস্তুতি শুরু করতে হয়। কিন্তু বর্তমানে মানুষের উপস্থিতি কম, সড়কে যান চলাচল বন্ধসহ নানা কারণে এবার উৎসবটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, সাজেক পর্যটনকেন্দ্রের সড়কে গত ২২ অক্টোবর থেকে টানা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মূলত সাজেক এলাকা থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন এ অবরোধ কর্মসূচি পালন করছে।

পূর্ববর্তী নিবন্ধসাদা বকের মেলা
পরবর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৬