সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, সকালে মিলল লাশ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর হৃদয় হাসান (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান সদরের ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে তার লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি উদ্ধার করেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন হৃদয় হাসান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাতে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রেখে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আনা হয়। তবে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই নদীতে ভেসে ওঠে হৃদয়ের লাশ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আব্দুল মান্নান আনছারী বলেন, নিখোঁজের খবর পেয়ে সাঙ্গু নদীতে উদ্ধার তৎপরতা চালানো হয়। সকালে ঘটনাস্থলেই লাশ পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে ডুবুরি দলও আনা হয়েছিল।

বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে লিচুর বাজার বসিয়ে সড়ক দখল, তীব্র যানযট উপজেলা প্রশাসনের অভিযান
পরবর্তী নিবন্ধযুবককে অপহরণ করে মিয়ানমারে নিয়ে মুক্তিপণ আদায়, দুই ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড