সমকালের দর্পণ

ফিরে দেখা মায়ানমার

মেজর মোঃ এমদাদুল ইসলাম (অব.) | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ফিরে দেখা, এ শব্দযুগল অনেকের কাছে একটু আশ্চর্যজনক মনে হতে পারে। কারণ ফিরে দেখা প্রযোজ্য হয় কোনো পথ পেরিয়ে আসলে বা কোনো স্মৃতি থাকলে সেদিক পানে ফিরে দেখার প্রয়াস। আমার বেলায় দুটিই প্রযোজ্য। মায়ানমারে কর্মসূত্রে আমার দীর্ঘ প্রায় চার বছর ও অধিককাল অবস্থান, এই সূত্রে এ দেশের অনেক শহর/জনপদ আমি অবলীলায় ঘুরে বেড়িয়েছি। এ দেশের প্রশাসন, বিশেষ করে সামরিক বাহিনী, তাদের মনস্তত্ত্ব কাছ থেকে নিবিড়ভাবে অবলোকন তথা পর্যবেক্ষণের সুযোগ আমার হয়েছে। সে পর্যবেক্ষণের আলোকে আমার মায়ানমারকে ফিরে দেখার এই প্রয়াস। এর বাইরে মায়ানমার নিয়ে আমার দীর্ঘদিনের আগ্রহ, নানা সংবাদমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে প্রায় উপস্থিতির কারণে মায়ানমারের সর্বশেষ অবস্থা জানার অনেকেই আমার কাছে আগ্রহ প্রকাশ করেন। এর মাঝে বাংলাদেশের দক্ষিণ সীমান্তে দীর্ঘ এক দশক ধরে মায়ানমারের নাগরিক প্রায় ১২০০০০০ (বার লক্ষ) রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তো রয়েছেই। সাথে যোগ হয়েছে মায়ানমার সামরিক বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত, এই সংঘাতে রোহিঙ্গাদের ক্ষুদ্র একটি গোষ্ঠীর জড়িয়ে পড়া। সব মিলিয়ে ফিরে দেখা মায়ানমার।

মায়ানমার তার স্বাধীনতাকালীন সময়ে দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম ধনী একটি দেশ ছিল। নানা সংকট–সংঘাতে দেশটি ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এ পিছিয়ে পড়ার জন্য অর্থনৈতিক বিশ্লেষকরা সামরিক শাসনের যাঁতাকলকেই দায়ী করে থাকেন। উদাহরণ হিসেবে আমরা ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মি অং হ্লাইং যখন ক্ষমতা গ্রহণ করেন, তার পরবর্তী অবস্থাও যদি বিবেচনা করি, তাহলে বিষয়টি স্পষ্ট হবে। ২০২১–এর পর থেকে মায়ানমারের জিডিপি কমেছে ১৩%, মানুষের দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ, মায়ানমারের মুদ্রা কিয়াত/চাত–এর অধোগতি হয়েছে ৬০%-এরও বেশি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমেছে ৯০%-এরও বেশি, মুদ্রাস্ফীতির হার বেড়েছে ২০%। এর মাঝে মায়ানমারের সাধারণ জনগণের দুর্ভাগ্য, তাদের সামনে উন্নয়নকামী বিনিয়োগের তেমন কোনো উদ্যোগও অনুপস্থিত। অথচ প্রায় একই ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান থাকলেও চীন এবং ভিয়েতনাম তাদের জনগণের জন্য সুনির্দিষ্ট অর্থনৈতিক এবং উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রসরমান।

মায়ানমারে মূলত ১৯ জুলাই ১৯৪৭ সালে জেনারেল অং সানকে সপারিষদ হত্যার মাধ্যমে সামরিক বাহিনীর রাজনীতিতে গোপন হস্তক্ষেপ শুরু। ২ মার্চ ১৯৬২ সালে জেনারেল নে উইনের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হওয়ার পথ ধরে মায়ানমারে সামরিক শাসনের অভিযাত্রা। জেনারেল নে উইন যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারে ক্ষমতার সিংহাসনে বসেন, তখন অর্থাৎ ১৯৬২ সালে ৫ বছরের মি অং হ্লাইং মান্দালয়ের এক গ্রামে ধুলামাটি মেখে খেলায় মত্ত। বিদ্যালয়ে যেতে অনাগ্রহী মি অং হ্লাইংকে তার মা বহু কষ্টে–সৃষ্টে স্কুলমুখী করেন। এই মি অং হ্লাইং রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রত্ব ছেড়ে তিনবারের চেষ্টায় ১৯৭৪ সালে সামরিক বাহিনীর অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএ (ডিফেন্স সার্ভিসেস একাডেমি)-তে যোগদান করেন। ক্যাডেট এবং অফিসার হিসেবে মি অং হ্লাইং ছিলেন মাঝারি মানের।

জেনারেল নে উইন এবং জেনারেল থা শোয়ে মায়ানমারের দীর্ঘকালীন এই দুই শাসনকর্তার আওড়ানো মনস্তত্ত্ব জেনারেল মি অং হ্লাইংকেও পরবর্তীতে প্রবলভাবে প্রভাবিত করে। তাদের মনস্তত্ত্ব ছিল সামরিক বাহিনী ধহ রহংঃরঃঁঃরড়হ ঃযধঃ ৎবমধৎফবফ রঃংবষভ ধং ংড়ষব মঁধৎফরধহ ড়ভ ঁহরঃু, ংড়াবৎবরমহঃু ধহফ ঢ়ড়ষরঃরপধষ ড়ৎফবৎ. ঞযব সরষরঃধৎু রং ধহ রহঃবমৎধষ ঢ়ধৎঃ ড়ভ ঃযব ঢ়বড়ঢ়ষব. এর অর্থ হলো, সামরিক বাহিনী জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার অমোঘ শক্তি। সামরিক বাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ।

দুই জেনারেলের এই প্রভাবের বাইরে তার পেশাগত আনুগত্য এবং শৃঙ্খলাপরায়ণতা জেনারেল মি অংকে সামনে অগ্রসর হতে সাহায্য করে।

২০০৯ সালে মায়ানমার–চীন সীমান্তে কোকাং বিদ্রোহীদের বিরুদ্ধে মি অং হ্লাইংয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানের ব্যাপক সাফল্য তাকে সামরিক বাহিনীর পরিমণ্ডলে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। এ আলোর ছটায় তিনি ক্রমান্বয়ে ৩০ মার্চ ২০১১ সালে সেনাবাহিনীর শীর্ষ পদে চলে আসেন।

২০১৭ সালের ২৫ আগস্ট জেনারেল মি অং হ্লাইংয়ের আদেশে এবং সরাসরি তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘অপারেশন ক্লিয়ার’ পরিচালনা করা হয়। এই অপারেশনে ১২০০০০০ (বার লক্ষ) রোহিঙ্গাকে ঘরবাড়ি ধ্বংসের মাধ্যমে স্বদেশ থেকে বিতাড়ন করা হয়। দুর্ভাগ্যের বিষয় হলো, শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি এই মানবতাবিরোধী কর্মকাণ্ড এবং গণহত্যায় জেনারেল মি অং হ্লাইংকে পূর্ণ সহযোগিতা প্রদান করেন। অং সান সু চি শুধু সমর্থনে থেমে থাকেননি, তিনি দ্য হেগের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়া আনীত অভিযোগের বিরুদ্ধে মায়ানমার সেনাবাহিনী ‘টমাডো’র পক্ষ নেন এবং সেখানে রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যা হয়নি প্রমাণে প্রবল বিতর্কে মাতেন।

ইতিহাসের এমনই পরিণতি, নিয়তি এমনই নির্মম, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল মি অং হ্লাইং মায়ানমারের সর্বময় ক্ষমতা দখল করে নেন। অং সান সু চিকে বন্দী করা হয়। পরবর্তীতে বিচারে তাকে ৩৩ বছর কারাদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে কমিয়ে এখন ১৮ বছরে স্থিত আছে।

সামরিক অভ্যুত্থানের পরপর মায়ানমারে ব্যাপক সংঘাত–সংঘর্ষ অনুষ্ঠিত হয়। অং সান সু চির অনুসারী এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি)-এর সদস্যরা মি অং হ্লাইংয়ের সরকারের বিপরীতে এনইউজি (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট) গঠন করে। এরা সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পিডিএফ (পিপলস ডিফেন্স ফোর্স) গঠন করে। পিডিএফ ২০২৩ সালে অপারেশন ১০২৭ নাম দিয়ে মায়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তিনটি এথনিক আর্মড গোষ্ঠী মায়ানমারের উত্তর–পূর্ব অঞ্চলে মায়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণের মাধ্যমে ২০০ (দুইশত) সামরিক আউটপোস্ট দখল করে নেয়।

জেনারেল মি অংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে। এর মাঝে বিদ্রোহীদের ওপর বিমান আক্রমণ, ধৃতদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যেমন ছিল, তেমনি সামরিক বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে আরও চারটি কঠিন নীতি গ্রহণ করে। এই চার নীতি ‘ফোর কাট স্ট্র্যাটেজি’ হিসেবেও উল্লেখ করা হয়। এগুলো হলো খাদ্য সরবরাহ, অর্থের জোগান, গোয়েন্দা তৎপরতা এবং জনবল প্রাপ্তি কার্যকরভাবে বন্ধ করা।

২০০৯ সালে চীন সীমান্তে জেনারেল মি অং হ্লাইং পরিচালিত অভিযানজনিত কারণে চীন তার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করে আসছিল। এরই ফলশ্রুতিতে অভ্যুত্থান–পরবর্তী সময়ের বেশ কিছুদিন জেনারেল মি অংকে চীনের আনুকূল্য পেতে বেশ বেগ পেতে হয়।

এরই মাঝে কূটনৈতিক চাতুর্যের সাথে জেনারেল মি অং মস্কো সফর করে প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের আনুকূল্য লাভ করতে সক্ষম হন। এ প্রসঙ্গে জেনারেল মি অংয়ের বক্তব্য উল্লেখযোগ্য “ডযবহবাবৎ বি যধাব ভধপবফ পৎরংরং ফঁব ঃড় ড়ঁৎ ঢ়ড়ষরঃরপধষ ংরঃঁধঃরড়হ, জঁংংরধ যধং পড়হংরংঃবহঃষু ংঁঢ়ঢ়ড়ৎঃবফ ঁং.” অর্থাৎ যখনই আমরা রাজনৈতিক কারণে সমস্যার মুখোমুখি হয়েছি, রাশিয়া নিরবচ্ছিন্নভাবে আমাদের সমর্থন জুগিয়েছে। এরই ফলশ্রুতি ২০২৬–এ এসে রাশিয়ার সাথে ৫ (পাঁচ) বছরের সামরিক চুক্তি।

এই সূত্রে ক্রমান্বয়ে চীনও তার অবস্থান পরিবর্তন করে মায়ানমারের সামরিক সরকারের দিকে সমর্থনের হাত বাড়ায়। চীন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে অনেকটা নিষ্ক্রিয় করার মাধ্যমে সামরিক সরকার তথা জেনারেল মি অংয়ের ক্ষমতাকে নিষ্কণ্টক করে তোলে।

আমেরিকাও বসে নেই, ভ্যান্স নামক এক ব্যবসায়ীর মাধ্যমে মায়ানমারের সাথে একের পর এক গোপন বৈঠক করে চলেছে, উদ্দেশ্য মায়ানমারের মজুত বিপুল পরিমাণ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তথা অতি দুষ্প্রাপ্য মহামূল্যবান খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করা।

এখানে উল্লেখ্য, মায়ানমার বিশ্বের অন্যতম প্রাকৃতিক প্রাচুর্যের এক দেশ। এ দেশে রয়েছে জেড, কপার, কয়লা, সেগুন কাঠ, রুবি সহ মূল্যবান পাথর, সোনা, টিন ইত্যাদির বিপুল সমাহার।

অবিশ্বাস্য হলেও এটি সত্যি, চীন এবং আমেরিকার পর মায়ানমার পৃথিবীতে তৃতীয় দেশ, যার বিপুল রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তথা অতি দুষ্প্রাপ্য মহামূল্যবান খনিজ সম্পদের মজুত রয়েছে।

২০০৭ সালে কঙ্গোলিজ প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সাথে আমার একান্ত সাক্ষাতের সুযোগ হয়েছিল। কথা প্রসঙ্গে তিনি বলেন, “কঙ্গোর মানুষরা অশিক্ষিত–গরিব, কেন গরিব, কেন অশিক্ষিত জানেন? আমাদের সম্পদের প্রাচুর্যের কারণে, পুঁজিবাদীরা আমাদের সম্পদ লুণ্ঠনের নিমিত্তে আমাদের জনগণকে শিক্ষাবঞ্চিত করার কৌশল গ্রহণ করেছে, তারা আমাদের গোত্রে গোত্রে সংঘাত জিইয়ে রেখেছে।” এতদিন পর আজ মায়ানমারকে ফিরে দেখতে গিয়ে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার কথাগুলো মনে পড়ে গেল। (চলবে)

লেখক: প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তার অভাবই পর্যটন শিল্প বিকাশের বড় বাধা
পরবর্তী নিবন্ধআ. লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন : আইনমন্ত্রী