ফটিকছড়ি থানার আরেক অস্ত্র মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেছেন। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিডকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
তারও আগে গত ২ আগস্ট ফটিকছড়ি থানার অস্ত্র ও খুনের পৃথক দুটি মামলায় তার ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নাম–পরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার হয় ইমন। পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে ৩টি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় ৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তারা হলেন, মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মোট মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকে কারাগারে ছিলেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূলত সহযোগীসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।












