বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, শুধু সুদের হার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য উৎপাদন বাড়ানো, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া ঋণের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রামে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ২০১৬ সালে এক ডলার কিনতে ভারতের প্রয়োজন হতো ৬৭ দশমিক ২০ রুপি। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৩ রুপিতে। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। একই সময়ে বাংলাদেশে ডলারের বিনিময় হার ৭৮ টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে ১২৪ টাকা ৮৬ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ। অথচ গত ১০ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ৭২ দশমিক ১ শতাংশ। প্রবৃদ্ধির হার প্রায় কাছাকাছি হলেও দুই দেশের মুদ্রার অবমূল্যায়নের পার্থক্য এত বেশি কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গভর্নর আরো বলেন, ডলারের দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পড়ে উৎপাদন ব্যয় ও ভোক্তা পর্যায়ের পণ্যমূল্যে। আবার মূল্যস্ফীতির চাপও বিনিময় হারের ওপর প্রভাব ফেলে। ফলে অর্থনীতি একটি দুষ্টচক্রে আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে গভর্নর বলেন, আগামী এক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রাবাজারকে পুরোপুরি ফ্লোটিং ব্যবস্থায় নেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের দর প্রস্তাবের ভিত্তিতে ডলারের বিনিময় হার নির্ধারিত হবে।
ব্যাংকঋণের কাঠামোয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে দেশের মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশ করপোরেট খাতে কেন্দ্রীভূত। এ পরিস্থিতি পরিবর্তনে ২০২৭ সালের মধ্যে বিতরণ করা ঋণের ২০ শতাংশ রিটেইল, ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ৪৫ শতাংশ কর্পোরেট খাতে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। বড় করপোরেট প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অর্থায়নে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারকে অধিকতর কার্যকর করার পক্ষেও মত দেন তিনি।
বন্ধ কারখানা চালুর বিষয়ে গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে মামলা করেই ব্যাংকের দায়িত্ব শেষ হতে পারে না। কারখানার ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করে প্রয়োজন হলে চলতি মূলধন দিতে হবে। বিদ্যমান মালিকের পক্ষে পরিচালনা সম্ভব না হলে নতুন উদ্যোক্তার কাছে ব্যবস্থাপনা হস্তান্তর, ভাড়াভিত্তিক পরিচালনা কিংবা বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতির দুটি প্রধান উদ্দেশ্য হলো মুদ্রার মান বা ক্রয়ক্ষমতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সরবরাহ সীমিত রাখলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে অর্থের সরবরাহ বাড়ালে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। বর্তমানে মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে থাকার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও কাঙ্ক্ষিত অবস্থায় নেই। এ দুই লক্ষ্যের মধ্যে ভারসাম্য তৈরি করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান চ্যালেঞ্জ।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী তৃতীয় প্রান্তিকের মুদ্রানীতিতে তিনটি সুপারিশ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানিতে বাধ্যতামূলক ১০০ শতাংশ এলসি ক্যাশ মার্জিন তুলে নিতে হবে। উৎপাদনমুখী শিল্পের জন্য ১৮০ থেকে ২৭০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধের সুযোগ দিতে হবে। আমদানিকারকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে বন্দরে পণ্য খালাসে বিলম্ব হলে এলসি নিষ্পত্তিতে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিন সময় দিতে হবে। পাশাপাশি এসএমই ও চট্টগ্রামসহ আঞ্চলিক উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও মার্কিন–ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ব্যবসা–বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে নীতিগত স্থিতিশীলতা প্রয়োজন।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের অভিজ্ঞতা অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিনিময় হার স্থিতিশীল না হলে বৈদেশিক বিনিয়োগ আসবে না।
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।
মতবিনিময় সভায় মুদ্রানীতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম, পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, সাংবাদিক ও ব্যাংকাররা অংশগ্রহণ করেন।








