শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে

সাতকানিয়া সদরে চাল বিতরণকালে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুধু ত্রাণ নিয়ে দাঁড়ালেই হবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি, কৃষি ও জীবিকা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বন্যায় সাতকানিয়ার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে, কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বন্যার পানি কমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ শেষ হয়নি। তাই ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা জরুরি।

গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন, তামাকুণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন, দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের সেক্রেটারি রিদওয়ানুল হক এবং ইউপি সদস্য আব্দুল মান্নান, মাহফুজুর রহমান, আব্দুস সবুর ও নাসির উদ্দিন। পরে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টংকাবতী খালের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড, বারদোনা ৬নং ও ৮নং ওয়ার্ড এবং গারাঙ্গিয়া ভাঙা ব্রিজ এলাকার ক্ষয়ক্ষতি সরেজমিনে ঘুরে দেখেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের খোঁজখবর নেন এবং দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে তরুণ সমাজকে দক্ষ করে কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধযৌন হয়রানি প্রতিরোধে প্রিমিয়ার ভার্সিটিতে সচেতনতা সেশন