শিশুদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো পাইলট আকারে ‘লেগো’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে উপজেলা ভিত্তিতে প্রকল্পটি পাইলট আকারে বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়তা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট বাস্তবায়িত লেগো প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, দেশের তিনটি জেলায় ডাচ রেডক্রিসেন্টের সহায়তায় প্রকল্পটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামও নির্বাচিত হয়েছে। চট্টগ্রামে এটি প্রথম পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। পরবর্তীতে প্রকল্পটির কার্যক্রম ও ফলাফল মূল্যায়ন করে এর পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা মানবিক সহায়তা, জলবায়ু
সহনশীলতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। লেগো প্রকল্পের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে নতুন সুযোগ তৈরি হবে। সভায় প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. তাসলিম চৌধুরী,রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউর হক এবং যুব প্রধান সিরাজুল করিম হিরো। এছাড়া ডেনিশ রেড ক্রসের হেড অব প্রোগ্রাম ড. আরিফা হাসান আলী, সিনিয়র অফিসার (অপারেশন) গোলাম মেহেদী হাসান ও টেকনিক্যাল কো–অর্ডিনেটর পিত্তি রাজ বড়ুয়া । প্রেস বিজ্ঞপ্তি।











