আখিরাতের প্রস্তুতিতে সুন্নাতের অনুসরণ অপরিহার্য

চুনতীর সীরতুন্নবী (সা.) মাহফিলের ৩য় দিবসে বক্তারা

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্‌ সাহেব কেবলা চুনতী (রহ.) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের ৩য় দিবস গতকাল বৃহস্পতিবার শাহ্‌ মনজিল সীরত ময়দানে অধ্যক্ষ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় হাফেজ এহসানুল হক সাঈদী ‘পুনরুত্থান ও হাশরের ময়দানের বর্ণনা’ বিষয়ে বলেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার আমলের হিসাব দিতে হবে। তাই দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির জন্য কাজে লাগিয়ে নেক আমল ও তাকওয়া অর্জন করতে হবে। অধ্যাপক মুহাম্মদ নাঈম কাদের ‘মদিনা হিজরতের সংক্ষিপ্ত বিবরণ ও হিজরি সাল প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট’ বিষয়ে বলেন, হিজরত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ত্যাগ, ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার অনন্য শিক্ষা রয়েছে হিজরতের ঘটনায়। সালাহ উদ্দীন হাবিবী ‘রাসূলুল্লাহর (সা.) সুন্নাতের অনুসরণের প্রয়োজনীয়তা এবং সুন্নাতসমূহ বিজ্ঞানসম্মত ও সর্বযুগে কার্যকর’ বিষয়ে বলেন, রাসূল (সা.)-এর সুন্নাত মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণের পথ দেখায়। ফখরুদ্দিন ‘দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরাম (রা.)-এর অনুসৃত পথ ও আজকের মুসলিম বিশ্ব’ বিষয়ে বলেন, সাহাবায়ে কিরাম (রা.) ঈমান, ত্যাগ, ঐক্য ও আমলের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুসলিম বিশ্বের কল্যাণে তাঁদের আদর্শ অনুসরণ করা জরুরি। এতে উপস্থিত মুহাম্মদ হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আবু তাহের, ইসমাইল মানিক, হাফিজুল হক নিজামী, এইচ এম মাহাবুবুল হক, তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ। বিশেষ মেহমান ছিলেন জামাল হোসেন ও বাবর হোছাইন ছিদ্দিকী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মুবিন ও আদিল বিন কাদের। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মারুফুল ইসলাম জিসান ও মিনহাজুল ইসলাম ফাহিম। মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল