শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল ১৪ আগস্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের তরুণ প্রজ্জন্মকে খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার মহৎ উদ্দেশ্যে আগামী ১৪ আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীরা তাদের ফুটবল প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য চর্চার সুযোগ পাবে। ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল ৩ আগষ্ট সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এম পি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এটা শুধু একটি প্রতিযোগিতা নয় বরং চট্টগ্রামের স্কুল ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত। এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় দলের ফুটবলাররা, যারা দেশের ফুটবলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং নতুন প্রজন্মকে সুস্থ মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে নগরীর ৪৮টি স্কুল। ৪৮ টি স্কুল দলকে ১২টি গ্রুপে বিভক্ত করে প্রথমে লিগ এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পক্ষে খেলায় অংশগ্রহণ করবে। খেলা পরিচালিত হবে ফিফা আইন অনুযায়ী।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লক্ষ টাকা, রানার্স আপ দলকে এক লক্ষ টাকা, তৃতীয় দলকে পঞ্চাশ হাজার টাকা ও ৪র্থ দলকে পঁচিশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দল ও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। অংশগ্রহনকারী ৪৮ স্কুল দলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে খেলার সামগ্রী যেমন বুট, মোজা, জার্সি প্রদান করা হবে। বুটের টোকেন ইতিমধ্যে প্রদান করা হয়েছে। তাদের জন্য যাতায়াত ও আপ্যায়নেরও ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব মসিউল আলম স্বপন ও মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা ও খেলা পরিচালনার সমন্বয়ক মামুন উদ্দিন মামুন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির মো. মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্‌জুরুল আলম মন্‌জু, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, কামরুল ইসলাম, জাফর আহম্মদ, নুরুদ্দীন হোসেন নুরু, গাজী আইয়ুব, মোহাম্মদ আজম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, ক্রীড়া সংগঠক জাহেদুর হাসান, জাসাস নগর আহবায়ক এম এ মুসা বাবলু, নগর তাঁতী দলের আহবায়ক সেলিম হাফেজ, ক্রীড়া দলের হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান এবং মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

শত শত খেলোয়াড়, হাজারো দর্শক এবং এক স্বপ্ন চট্টগ্রামের স্কুল ফুটবলকে নতুন পরিচয়ে তুলে ধরার অঙ্গিকার নিয়ে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’এই শ্লোগানে চট্টগ্রাম এখন প্রস্তুত এই স্কুল টুর্নামেন্টের জন্য। এখন অপেক্ষা শুধুই বাঁশির প্রথম সুরের। টুর্নামেন্ট কমিটি এই বৃহৎ আয়োজন সুসম্পন্ন করতে নগরবাসী সবার সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইনফান্তিনোর চেয়ার টালমাটাল
পরবর্তী নিবন্ধহাই কোর্টে আলভীর জামিন