শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান। পরে শিবা সানু নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কমিটির বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তবে ঢাকার বাইরে থাকায় নবনির্বাচিত কমিটির সহ–সভাপতি ইলিয়াস কোবরা শপথ অনুষ্ঠানে অংশ নেননি। খবর বিডিনিউজের।
এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা কাজী হায়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
কাজী হায়াৎ শিল্পী সমিতি নির্বাচনের আপিল কমিটির সদস্য ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি বিগত শিল্পী সমিতির নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলাম। আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।’ এরপর নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘নির্বাচনের পর সমালোচনা–আলোচনা থাকবে। তারপরও আমার মনে হয় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনারা সবাই ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমার সহযোগী খোরশেদ আলম খসরু, বি এইচ নিশানসহ আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাবেক সভাপতি মিশা সওদাগরের কাছ থেকে।’
অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন। বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন, শানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাওয়া যাবে।
গত ৩ জুলাই অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২৬–২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী। কার্যনির্বাহী কমিটির অন্য পদের মধ্যে সহ–সভাপতি হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এছাড়া সহ–সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল। কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন– কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি উজ্জ্বল, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ছটকু আহমেদ, অভিনেতা হেলাল খানসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।











