কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছে দুই শিশু। বসতবাড়ি ওপর আস্ত পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় এই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুইজনের লাশ উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড় ধসের ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশুর নাম রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আর তৌসিফ আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
বসত বাড়ির ওপর ঘুমন্ত অবস্থায় পাহাড় ধ্বসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
তিনি বলেন-একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড় ধ্বসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজনের মাঝে। গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড় ধ্বসে দুইজন শিশুর অকালে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’












