লোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরে ডাকাতি

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদূর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মো. জাকারিয়া, মো. আলমগীর, মো. জাহেদ ও মো. সাহেদ।

ক্ষতিগ্রস্ত প্রবাসী মো. আলমগীর জানান, ফজরের নামাজ আদায় করার জন্য তারা চার ভাই একসাথে বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ডাকাতরা বসতঘরে ঢুকে পরিবারের অন্য সদস্যদেরও অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের হাতপা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের নারী সদস্যদের মারধর করা হয় বলেও জানান তিনি।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির সর্তা খালে ৩ ড্রেজার ও পাইপ ধ্বংস, বালু জব্দ
পরবর্তী নিবন্ধভুল করে ‘ডাকাতের বাসে’, মারধর-মুক্তিপণ ছাড়াও যা হলো যাত্রীর সঙ্গে