লালদিয়া টার্মিনালকে পরিবেশবান্ধব গ্রিন গেটওয়ে গড়ার উদ্যোগ

পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সমুদ্রবাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেনার টার্মিনালকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন গেটওয়ে হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিনির্ভর এই টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। পরে তিনি প্রতিনিধিদল নিয়ে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন দিক, নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডেনমার্কের এই প্রতিনিধি।

সফরকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিঙ মোলার এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। এছাড়া উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড। পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশ ও ডেনমার্কের সরকারি–বেসরকারি অংশীদারিত্বের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা বলছেন, লালদিয়া কন্টেনার টার্মিনাল বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য ও লজিস্টিকস খাতে আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব পরিচালনব্যবস্থা যুক্ত করবে। ডেনমার্কের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রকল্পটি চালু হলে কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি আঞ্চলিক সমুদ্রবাণিজ্য আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশবান্ধব পরিচালনব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ। কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার মাধ্যমে টার্মিনালটিকে একটি গ্রিন টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বন্দর ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়নের এ উদ্যোগ বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে উল্লেখ করে সূত্র বলেছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক বন্দর পরিচালন প্রযুক্তি এবং টেকসই বিনিয়োগের সমন্বয়ে দেশের সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ফেব্রুয়ারির মধ্যে লালদিয়া কন্টেনার টার্মিনালের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না
পরবর্তী নিবন্ধগণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে