রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতার দায়ের করা মামলায় মো. ফজলুল আলম (৪২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদনগর এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুকে মোটরসাইকেলে করে তার বসতঘরে নিয়ে যান। এরপর জোরপূর্বক তাকে বলাৎকার করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, প্রবাস ফেরত ফজলুল আলম শিশুটির মাকেও গত দশদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই নিয়েও ইতিপূর্বে এলাকায় সামাজিকভাবে নালিশ জানানো হয় তার বিরুদ্ধে। পুলিশ জানায়, মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. ফজলুল আলমকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের একটি বিশেষ টিম দুর্গম পাহাড়ি এলাকায় টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’ আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।












