চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর–গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন ও নান্দনিক রাঙ্গুনিয়া গড়ে তোলা। কর্মসূচির আওতায় উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, ভবনের ছাদ, ড্রেন এবং বিভিন্ন জলাধার পরিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয় এবং রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি ও প্রচারণাও চালানো হয়।পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এই সময় সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন, জলাধার এবং আশেপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে সর্বদা সচেতন থাকার এবং এ ধরনের পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়ে নান্দনিক রাঙ্গুনিয়া গড়ায় সহযোগিতার অনুরোধ করা হয়েছে।










