রাঙামাটি জেলায় গতকাল শনিবার ৬ দিনব্যাপী শাস্ত্রীয় কথক নৃত্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সংযুক্তা চাকমা। খবর বাসসের। শোভন দেওয়ান টিটুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ফিফা চাকমা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও অঞ্জলি নৃত্য একাডেমির আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারি ৩৫ জন শিল্পীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।










