রাউজানে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েলের আগুনে সাতটি গরুসহ ছয় পরিবারের বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের। আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে গোয়ালঘরে থাকা সাতটি ছোট–বড় গরু পুড়ে অঙ্গার হয়ে যায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়ির আবুল কালাম গরুকে মশার কামড় থেকে রক্ষায় গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। রাতের কোনো এক সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, কোরবানির হাটে বিক্রির জন্য গরুগুলো পালন করে বড় করছিলেন তিনি। আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তারা পৌঁছানোর আগেই সাতটি গরু ও কয়েকটি বসতঘর পুড়ে যায়। তিনি বলেন, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।









