রাউজানে চাঁদা না পেয়ে প্রবাসীকে ছুরিকাঘাত, যুবদল নেতা গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৭:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে তাকে ও তার সঙ্গীকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার রাউজান থানায় একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ঘটনার পর উপজেলার উরকিরচর ইউনিয়নের প্রয়াত ইউনুচ ড্রাইভারের ছেলে মোহাম্মদ বাবুল ওরফে এন এ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এন এ বাবুল উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এবং অপর আসামি সরোয়ার উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রবাসী ইলিয়াসের কাছে গত কয়েক মাস ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী ইলিয়াস রাউজান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বিষয়টি মীমাংসা করার কথা বলে ইলিয়াসকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ সময় ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে যায়।

এরপর আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ সময় ইলিয়াসের স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হন।

হামলাকারীরা মারধরের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শাহনাজ বাদী হয়ে উত্তর জেলা যুবদল নেতা এন এ বাবুল ও সরোয়ারসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে রাউজান থানায় মামলা রুজু করা হয়। অভিযুক্ত সরোয়ারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

অন্যদিকে, এন এ বাবুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল এবং এ সংক্রান্ত একটি জিডি করেছিলেন ভুক্তভোগী। ওই বিষয় মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তাদের ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারনামীয় আসামি এন এ বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবাসার সামনে গুলিবিদ্ধ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করা একরাম