চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। গতকাল রোববার সকালে হাসপাতালের অধ্যাপক শাহাদাত হোসেন মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সংগঠনের সভাপতি ডা. তানভীর হাবীব তান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চমেক শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. আসমা ফেরদৌসী, ডা. কামরুন্নাহার লুনা, ডা. সেলিনা হক ও ডা. আবদুল্লাহ আল মামুন; নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মাহতাব উল ইসলাম এবং চিকিৎসক ডা. সাইফ সোহাগ, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. আসহাব মাহারাজ, ডা. কামরুজ্জামান, ডা. সামিউল করিম, ডা. শাহরিয়ার সিলভা ডা. মাইমুন রিদোয়ান ও ডা. ইয়াসির আরাফাতসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের জীবন রক্ষায় অঙিজেন কনসেনট্রেটরের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সমপ্রসারণ করা প্রয়োজন।
তিনি বলেন, চিকিৎসা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে অবদান রাখার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার চিকিৎসার নির্ভুলতা বাড়ায়। তাই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, চিকিৎসকরা শুধু রোগীর চিকিৎসা করেই তাঁদের দায়িত্ব শেষ করবেন না; হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সামগ্রিক সেবার মান উন্নয়নেও তাঁদের ভূমিকা রাখতে হবে। একটি বিভাগে ভালো উদ্যোগ ও দৃষ্টান্ত তৈরি করা গেলে তা পর্যায়ক্রমে পুরো হাসপাতালে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












