শ্রমিক শ্রেণির ঐক্যই বিশ্ব শান্তির রক্ষাকবচ

সিপিবির আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরীর হাজারীলেইনে অবস্থিত দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর। সভা সঞ্চালনা করেন কমরেড নুরুছাফা ভূঁইয়া। সভায় বক্তারা বলেন, রুশ সমাজতান্ত্রিক বিপ্লব তথা মহান অক্টোবর বিপ্লব মানব ইতিহাসের এক অসাধারণ ঘটনা। এ বিপ্লবের মধ্য দিয়ে মানুষের ওপর মানুষের শত শত বছরের শোষণের অবসান ঘটিয়ে পৃথিবীতে সর্বপ্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। গোড়াপত্তন হয় নতুন এক সমাজ ও সভ্যতার। পুঁজির একচেটিয়াকরণ এবং ফিন্যান্স পুঁজির আধিপত্যের বিপরীতে সম্পদের সুষম বণ্টনভিত্তিক মানবিক সমাজের বাস্তব রূপ প্রথম পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিল রুশ বিপ্লব।

তারা বলেন, আজ বিশ্বে ফিলিস্তিন, ইউক্রেন ও ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ সাম্রাজ্যবাদের রাজনৈতিক অর্থনীতিরই বহিঃপ্রকাশ। সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন থেকে বিশ্বকে মুক্ত করতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমিক শ্রেণির ঐক্যই বিশ্বশান্তির সবচেয়ে বড় রক্ষাকবচ।

বক্তারা আরও বলেন, তথাকথিত এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার অঙ্গসংগঠনগুলো বিশ্বের মানুষের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। ফিলিস্তিন, ইউক্রেন ও ইয়েমেন যুদ্ধ তার অন্যতম উদাহরণ। এসব অন্যায় যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্ব আজ এক অর্থনৈতিক মহামন্দার মুখোমুখি। একই সঙ্গে মানবসভ্যতা এক ভয়াবহ যুদ্ধের বিপদের সম্মুখীন। রুশ বিপ্লব আমাদের শিক্ষা দিয়েছে, একমাত্র সমাজতন্ত্রই পারে যুদ্ধের কারণগুলোর অবসান ঘটাতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূল্য তালিকা না থাকায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা