চট্টগ্রাম নগরের ফয়স লেক এলাকার পাহাড় ঘেঁষে গড়ে ওঠা পরিবেশ অধপ্তির ভবনের প্রধান ফটকের সামনে আজ সোমবার সকাল থেকেই লোকজনের ভিড়। সবার দৃষ্টি ভবনের ফটক ও দেয়াল এবং সংলগ্ন গাছপালার দিকে। সেখানে ২০ থেকে ২৫টি বানরের একটি দল অবস্থান নিয়েছে।
আজ সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর ভবনের সামনে গিয়ে দেখা যায়, ভবনের ফটক, সামনের দেয়াল, সংলগ্ন গ্যারেজ ও গাছে আশ্রয় নিয়েছে বানরের দল। সেখানে শাবকসহ বেশ কয়েকটি মা বানরেরও দেখা মিলেছে। কোথা থেকে এসব বানর সেখানে এসেছে জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, ফয়স লেক এলাকার পাহাড়ি বন থেকে বানরগুলো এই এলাকায় এসেছে। গত দুই বছর ধরে আশপাশের এলাকায় বানরগুলোর দেখা মিলছে। পরিবেশ ভবনেও বানরগুলো প্রায় সময় এসে অবস্থান নেয় বলে জানালেন তারা।
ফয়স লেক চিড়িয়াখানার আশপাশের বিভিন্ন আবিসিক এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালে আগস্ট মাসের পর থেকে এলাকায় বানেরর দেখা পাচ্ছেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন চিড়িয়াখানা থেকে বানরগুলো পালিয়েছে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ফোন করে জানতে পারেন, বানরগুলো ওই এলাকার জঙ্গল থেকে এসেছে।
জানতে চাইলে ফয়স লেক নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. জসিম বলেন, বানরগুলো টেলিভিশন সেন্টার, ইউএসটিসির ভবন ও সীমানা দেয়ালের ওপর বেশ কিছুদিন আগে দেখেছেন তিনি। ওই এলাকার লেকভ্যালি আবাসিক এলাকায় থাকেন বেসরকারি একটি স্কুলের শিক্ষিকা বিবি মরিয়ম। তিনি বলেন, বানরগুলো তাঁর বাড়ির ছাদে আসে মাঝে মাঝে। ছাদবাগানের সবজি ও গাছের ফল ছিড়ে নিয়ে যায়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত দুই বছরেরও বেশি সময় প্রায় ২০০ বানর ফয়স লেকের বন থেকে বেরিয়ে শহরে ছড়িয়ে পড়েছে।
কীভাবে বানরগুলো নিজেদের আবাস হারাল জানতে চাইলে শাহাদাত বলেন, বানরগুলো ফয়সলেক পার্কের লেকের উত্তর পাড়ের কলাবাগান বলে একটি এলাকায় থাকত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে এক শ্রেণির দখলদার ঘরবাড়ি নির্মাণ করে। মানুষের উপস্থিতি ও গাছপালা নিধনের কারণে বানরগুলো বাস্তুচ্যুত হয়। এখন ফয়সলেকসহ শহরের সব জায়গায় বানরগুলো ছড়িয়ে পড়েছে। আগ্রাবাদ, এমনকি পতেঙ্গা এলাকায়ও বানরগুলো দেখা গেছে। এ বিষয়ে বন বিভাগকে বারবার জানানো হয়েছে। তবে বানরের পুনর্বাসন খুব কঠিন কাজ বলে মন্তব্য করেন তিনি।
রেলওয়ের নথি অনুযায়ী ১৯২৫ সালে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের প্রকৌশলী ফয় সাহেবের তত্ত্বাবধানে পাহাড়ের মাঝে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়। হ্রদটি রেলওয়ের নিজস্ব পানির চাহিদা মেটানোর কাজে ব্যবহৃত হয়। এরপর এক শ বছরেরও বেশি আগে খনন করা এই হ্রদ ও পাশের পাহাড় ঘিরে আলাদা ধরনের জীববৈচিত্র্য সৃষ্টি হয়েছে। পাখি, বানর, সরিসৃপসহ নানা জাতের প্রাণি ও উদ্ভিদ রয়েছে ফয়স লেকের পাহাড়ি এলাকায়। হ্রদ ও পাহাড় বেষ্টিত এই এলাকায় ২০০৪ সালে রেলওয়ে থেকে ইজারা নিয়ে বেসরকারি কোম্পানি কনকর্ড এমিউজমেন্ট পার্ক গড়ে তোলে। ফয়স লেকের ৩৩৬ একর ভূমিতে এই পার্ক গড়ে উঠেছে।

জানতে চাইলে কনকর্ডের মিডিয়া ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ বলেন, বানরগুলো ফয়স লেকের পাহাড়ে থাকে। মাঝে মাঝে বের হয়ে লোকালয়ে যায়। তাদের পরিচালনাধীন এলাকার কিছু স্থান দখল করে বস্তি গড়ে উঠেছে। এসব আগে থেকেই ছিল। এমন নয় যে, ৫ আগস্টের পর হয়েছে। বসতি কখনো বাড়ে কখনো কমে। উচ্ছেদের এক্তিয়ার তাদের নেই। বিষয়টি তারা রেলওয়েকে জানিয়েছেন।
বনের বানর শহরে ছড়িয়ে পড়ার নানা ধরনের ঝুঁকি রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন আজাদীকে বলেন, বানর শহরে ছড়িয়ে পড়লে পরিবেশগত ও স্বাস্থ্যগত দুই ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। বানর থেকে মানুষে যেমন রোগ ছড়াতে পারে, তেমনি মানুষ থেকে বানরের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে।
ফয়স লেক এলাকার বানরগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, বানরগুলো রেলওয়ের জায়গা থেকে এসেছে। এ বিষয় রেলওয়ে অনুরোধ করে তারা ব্যবস্থা নেবেন। ফয়স লেক এলাকায় জীববৈচিত্র্যের কোনো জরিপ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এ এলাকার ‘ফুনা ও ফিউনার (উদ্ভিদ ও প্রাণি) তালিকা হওয়া জরুরি। রেলওয়ে চাইলে আমরা এসেসমেন্ট করতে পারি। তবে আগে তাদের সম্মতি দরকার।’
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা(পূর্ব) মো. লুযৎফুর রহমান আজাদীকে বলেন, ‘ফয়স লেকে কিছু অবৈধ দখলদার আছে। এদের বিরুদ্ধে মামলার কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। সেখানকার লোকজন তিনটি মামলা করেছে উচ্ছেদ বন্ধ করতে। এ বিষয়ে রেলওয়ের আইন বিভাগ কাজ করছে। বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেব। ’










