অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে। ১১ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরো গতি আসবে। আমাদের কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরো বাড়বে। হিসাব–নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই–পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে। আমরা এমনভাবে প্রকল্পগুলো প্রণয়ন করছি যেন প্রতিটি বিনিয়োগের যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, আইএমএফের ঋণ বা সহায়তা একটি সুসংহত অর্থনৈতিক প্রোগ্রামের অংশ। বিশ্বব্যাংক, এডিবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখা হচ্ছে।
আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরো বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপে দেশের রাজস্ব আয় ও আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকবে এবং দিনশেষে দেশের জনগণ এর সুফল পাবে।
অর্থনীতিবিদদের মতে, অর্থনীতির জন্য সরকার বেশকিছু সংস্কারের উদ্যোগ নিলেও সমন্বিত উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। আর এসব প্রচেষ্টা কোনো কার্যকর ফল বয়ে আনছে না বলেও জানান তারা। যেমন, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির চাপ কমাতে ২০২৪ সালে পাঁচবার নীতিহার বাড়িয়েছে। তবে কাঁচাবাজারে সরবরাহ ব্যবস্থায় সমস্যাগুলো সমাধানে দৃঢ় উদ্যোগ নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়লেও চাঁদাবাজি এখনো নিত্যপণ্যের বাড়তি দামের কারণ বলে মনে করেন তাঁরা। তাঁরা বলেন, ‘দীর্ঘদিনের ক্ষমতাধর সরকার এখন ক্ষমতায় না থাকলেও বাজারে অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীরা এখনো আছেন।’ সুতরাং, সুদের হার বাড়ানো ও আমদানি পণ্যের ওপর শুল্ক কমানো হলেও কার্যত বর্তমানের দুই অঙ্কের মূল্যস্ফীতি কমছে না।
অর্থনীতিবিদরা বলেন, আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সংকট হচ্ছে অনিশ্চয়তা। বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা, নিরাপত্তার অনিশ্চয়তা আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, রাজনৈতিক সংঘাতের আশঙ্কা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। এ রকম পরিস্থিতিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে খুব দ্বিধাবোধ করেন। স্বভাবতই বিনিয়োগে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। তাঁরা বলেন, অর্থনৈতিক সূচকগুলোর পতন থামানো এবং অর্জনগুলোকে সংহত করার প্রক্রিয়া চলছে। কিন্তু সেখানে রাজনৈতিক অনিশ্চয়তা রয়ে গেছে। অনিশ্চিত অবস্থার মধ্যে কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। বিনিয়োগ কমে যাওয়ায় বেকারত্বের হার বাড়ছে। কর–জিডিপির হার কম। নাজুক অবস্থা বিরাজ করছে ব্যাংক ও আর্থিক খাতে। বিদেশি ঋণের দায়দেনা বেশি। রপ্তানি ক্ষেত্রে শুধুমাত্র গার্মেন্টসের ওপর নির্ভর করলে হবে না। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। এ জন্য বিনিয়োগ বাড়াতে হবে। রপ্তানির নতুন নতুন বাজার বের করতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অর্জনের জন্য কোথায় কোন ধরনের বিনিয়োগ কাঙ্ক্ষিত উন্নয়ন আনতে পারে তা বিবেচনা করা হয় না, আর এসব কিছু বিবেচনা করে যদি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারিত হয় তবে তা হবে সমন্বিত বাস্তব পরিকল্পনা। এরূপ বাস্তবধর্মী পরিকল্পনা না করে যদি অর্থনৈতিক পরিকল্পনাকাঠামো ঠিক করা হয়, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে আশানুরূপ সফলতা অর্জন করতে পারবে না। এ কারণে পরিকল্পনার আওতা, পরিকল্পনা পদ্ধতি ও বাস্তবায়নের কৌশল নির্ধারণ করতে শুধু অর্থনৈতিক চিন্তা নয়, বরং সমন্বিত বাস্তব পরিকল্পনা প্রণয়নে অধিকতর মনোযোগ দিতে হবে।







