রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মালিকানাধীন নগরীর হালিশহর বি ব্লকস্থ ৭০ শতাংশ জমি কোন ধরণের অনুমোদন ছাড়াই বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে যমুনা অয়েল কোম্পানি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, গত ২৫ জুন দৈনিক আজাদীতে প্রকাশিত প্রতিবেদনে যমুনা অয়েল পিএলসির মালিকানাধীন হালিশহরের ‘বি’ ব্লকের একটি জমি যথাযথ অনুমোদন ছাড়া একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি জমিটি ব্যবহার করছে বলে উল্লেখ করা হয়। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনে একটি বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানির অনুমতি ছাড়া জায়গাটি ব্যবহার করছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোম্পানির জমিতে বিভিন্ন নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি রাখার বিষয়টিও নজরে আসে।
ঘটনার প্রকৃত অবস্থা উদঘাটনে জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ হাসান ইমামকে আহ্বায়ক, উপ–মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) মেজবাহ উদ্দিনকে সদস্য সচিব এবং ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রকাশিত সংবাদের তথ্য–উপাত্ত যাচাই করে জমি ভাড়া দেওয়া হয়েছিল কি না, জমি ব্যবহারের ক্ষেত্রে কারও সম্পৃক্ততা বা দায় রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করে মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রকাশিত এক প্রতিবেদনে যমুনা অয়েলের মালিকানাধীন জমি কোম্পানির অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা সাবেক এক কর্মকর্তার সহযোগিতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিকট ভাড়া প্রদান করা হয় বলে উল্লেখ করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত প্রক্রিয়া শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানটি।











