মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়।

গুরুতর আহত তার বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার রাতে এ নিয়ে বাবাছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা এবং আর্থিক লেনদেনের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের দাবি, সালমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন : ব্যাংক কর্মীদের প্রগতি স্কিমে আনার উদ্যোগ
পরবর্তী নিবন্ধবেনাপোল সীমান্তে পাটওয়ারীর গাড়িতে ইট, ভাঙল কাচ