নগরীর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে পালিয়ে যায়। তবে জানালা বন্ধ থাকায় আগুন পুলিশ বক্সের ভেতরে ছড়াতে পারেনি। যার কারণে তেমন একটা ক্ষতি হয়নি পুলিশ বক্সটির। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দৈনিক আজাদীকে বলেন, পুলিশ বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












