মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর এলাকার বেলায়েত হোসেন (৩০), ফটিকছড়ির ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের রহমতপুর এলাকার আনোয়ার হোসেন (২৩) এবং মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)। পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সমপ্রতি মীরসরাইয়ের নয়টিলা থেকে কয়লা বাজার পর্যন্ত বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কে ডাকাতদের উৎপাত বেড়ে যাওয়ায় যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ওই এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল নয়টিলা মাজারের পূর্ব পাশে মহাসড়কের উত্তর পাশের জঙ্গলে অভিযান চালায়।
এ সময় ওই স্থানে ১৪–১৫ জনের একটি দলকে দেশীয় অস্ত্র ও মুখোশসহ অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০–১২ জন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি লম্বা ছোরা, একটি রামদা ও সাতটি কালো মুখোশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার (গতকাল) সকালে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












