মালিকানার তথ্য প্রকাশ বাধ্যতামূলক করে নতুন কোম্পানি আইনের খসড়া প্রকাশ

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিভিন্ন কোম্পানির মালিকানার প্রকৃত তথ্য না পাওয়ায় যেসব জটিলতা তৈরি হয়, তা থেকে বেরিয়ে আসতে প্রকৃত মালিকানার তথ্য প্রকাশ বাধ্যতামূলক করে ‘কোম্পানি আইন, ২০২৬’ নামে নতুন আইনের খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি আইন লঙ্ঘনের শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে গ্রুপভুক্ত কোম্পানির মধ্যে ঋণ ও গ্যারান্টির সীমা বেঁধে দেওয়া এবং কোম্পানি একীভূতকরণ ও পুনরুদ্ধারের নতুন কাঠামো যুক্ত করা হয়েছে। গতকাল রোববার কোম্পানি আইন, ১৯৯৪ বাতিল করতে নতুন আইনের খসড়া প্রকাশ করেছে মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

খসড়ায় বিদ্যমান আইনের সঙ্গে প্রস্তাবিত সংশোধনীর তুলনা করে তৈরি খসড়ায় প্রতিটি পরিবর্তনের পাশে যৌক্তিকতাও দেওয়া হয়েছে। এতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২–এর বিধান অনুযায়ী বাণিজ্য সংগঠনকেও কোম্পানি আইনের আওতায় নিবন্ধনের কথা বলা হয়েছে।

খসড়ার ৩৪ক ধারায় ‘সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ’ ধারণা যুক্ত হয়েছে। কেউ এককভাবে বা অন্যের সঙ্গে মিলে, সরাসরি বা পরোক্ষে, নমিনি বা ট্রাস্টের মাধ্যমে কোম্পানির ইকুইটি শেয়ার মূলধনের নামিক মূল্যের ২৫ শতাংশের কম নয় এমন প্রকৃত মালিকানা ধারণ করলে, অথবা কোম্পানির ওপর উল্লেখযোগ্য প্রভাব বা নিয়ন্ত্রণ খাটালে, তিনি উল্লেখযোগ্য হিতগ্রাহী মালিক গণ্য হবেন। এছাড়া নিবন্ধিত শেয়ারধারক ও প্রকৃত মালিককে নির্ধারিত সময়ে কোম্পানির কাছে ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। মালিকানায় পরিবর্তন হলে ৩০ দিনের মধ্যে জানাতে হবে। কোম্পানিকে এ বিষয়ে একটি নিবন্ধন সংরক্ষণ করতে হবে এবং ৩০ দিনের মধ্যে রিটার্ন নিবন্ধকের (আরজেএসসি) কাছে জমা দিতে হবে। ঘোষণা না দিলে ব্যক্তিকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ব্যর্থতা চলতে থাকলে প্রতিদিন ১০০ টাকা করে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট শেয়ারের ভোটাধিকার, লভ্যাংশ ও হস্তান্তরের অধিকার স্থগিত বা সীমিত করতে পারবে বলেও খসড়ায় যুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী