মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব

যুদ্ধ ও আইন লঙ্ঘন

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসন (ইমপিচমেন্ট) প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি তুলেছেন খোদ রিপাবলিকান পার্টিরই এক আইনপ্রণেতা। প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুদ্ধ পরিচালনা, কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলা এবং সংবিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সোমবার প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পরপরই এই প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি। তিনি অভিযোগ করেন, হেগসেথ বেআইনি আদেশ কার্যকর করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছেন। খবর বিডিনিউজের।

ম্যাসির আনা প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন সংবিধান ও ‘ওয়ার পাওয়ার রেজল্যুশন’ অনুযায়ী কোনো সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু হেগসেথ তা পুরোপুরি উপেক্ষা করে ইরানে যুদ্ধ চালিয়েছেন। প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের প্রতিষ্ঠিত নিয়মকানুন ভেঙে পেন্টাগনে এক ‘যুদ্ধংদেহী সংস্কৃতি’ তৈরি করেছেন। এর ফলেই বড় ধরনের বেসামরিক প্রাণহানি ঘটেছে। এছাড়া ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌকায় আইনি সুরক্ষাবিধি না মেনে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে অভিশংসন প্রস্তাবের মুখে কোনো ধরনের নতিস্বীকার না করে নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

পূর্ববর্তী নিবন্ধরাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমার
পরবর্তী নিবন্ধবেশি বয়সে বুকার জিতে রেকর্ড করলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন