প্রায় পাঁচ দশকের ঐতিহাসিক যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। মহাকাশের অন্তহীন শূন্যতার বুক চিরে এগিয়ে চলা রোবটিক যানটি পৃথিবী থেকে এক আলোক–দিবস দূরত্বে পৌঁছেছে। আলো ২৪ ঘণ্টায় যতটুকু পথ পাড়ি দেয়, তাকে বলে এক আলোক–দিবস। সেই হিসেবে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরত্বে পৌঁছেছে বলে হিসাব করেছে নাসা। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, মানুষের তৈরি কোনো মহাকাশযান এই প্রথম পৃথিবী থেকে এক আলোক–দিবস দূরত্ব পেরোনোর মাইলফলক ছুঁল।
মহাশূন্যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ যেহেতু আলোর গতিতেই চলাচল করে, সেহেতু এখন এই মহাকাশযানে কোনো নির্দেশ পাঠাতে ২৪ ঘণ্টা এবং সেখান থেকে ফিরতি বার্তা পৃথিবীতে পৌঁছাতে আরও ২৪ ঘণ্টা সময় লাগছে। এ কারণে মহাকাশযানটি ঠিক কোন সময়ে এক আলোক–দিবস দূরত্বে পৌঁছাল, সে বিষয়ে আজ বৃহস্পতিবার ভয়েজার ১–এর পাঠানো বার্তা হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না নাসা। ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন বলেছেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি ও ভবিষ্যতেও হয়ত আর কখনো ঘটবে না। ফলে বিষয়টি ঠিক ততটাই অসাধারণ। খবর বিডিনিউজের।












