চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ব্যবস্থাপনায় ও যুব ইউনিটের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো: মোতাহার হোসেন। একই সময়ে রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস– চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। শেষে ব্যানার, প্ল্যাকার্ড ও রেড ক্রিসেন্টের নিজস্ব সংগীত সহযোগে আন্দরকিল্লা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস– চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিট চেয়ারম্যান মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি বলেন ‘মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করাই এই দিবসের মূল চেতনা। চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন হাসপাতাল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের স্বেচ্ছাসেবকদের সদা প্রস্তুত থাকতে হবে।’ উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ডা. মাহফুজা বেগম,প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ডা. মিসবাহ উদ্দিন, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা বেগম, ফয়সাল হোসেন প্রমুখ। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারী, যুব সদস্য এবং অসংখ্য স্বেচ্ছাসেবক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














