প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পিইউডিএসের এই আয়োজন প্রথমবারের মতো বড় পরিসরে হচ্ছে। কিন্তু এটাই শেষ আয়োজন নয়। আমি চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখি। আমার স্বপ্ন, এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। এই অগ্রযাত্রায় পিইউডিএসের কর্মকাণ্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। তিনি শিক্ষার সঙ্গে কো–কারিকুলার এক্টিভিটিসের তাৎপর্য তুলে ধরেন।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ আয়োজন। ভবিষ্যতে এরকম বড় পরিসরের আয়োজন আরো অনেক হবে।প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এই প্রতিযোগিতাকে আরও সুন্দর ও প্রাঞ্জল করার আহ্বান জানান। পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন সভাপতির বক্তব্যে বিতর্ক চর্চাকে খুবই কষ্টসাধ্য ও বুদ্ধি ভিত্তিক কাজ উল্লেখ করে বলেন, একদিন এই পিইউডিএস আন্তর্জাতিক মানের হবে। বক্তব্য রাখেন পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দিন মুন্না। পিইউডিএস এডহক কমিটির সদস্য ফজল আল মাহমুদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফাত নূর চৌধুরী, কাজী ফারদিন ও মোশাররফা পারভীন। উল্লেখ্য, উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫জন বিচারক অংশগ্রহণ করেন।














