মাদকের টাকা যোগাড় করার জন্য নিজের ২০ মাস বয়সি সন্তানকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন পিতা; জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ মায়ের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে নগরের যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাক হেলপার লোকমান হোসেন সাগর (২৭) ও গৃহপরিচারিকা সীমা আক্তার দম্পতির একমাত্র সন্তান ২০ মাস বয়সি ফাতেমা আক্তার। তারা থাকেন নগরের পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাংক এলাকায়।
জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে সীমা ৯৯৯–এ কল করে জানান, তার স্বামী সাগর তার কাছ থেকে মাদক সেবনের টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় জোর করে তার ২০ মাস বয়সি শিশুটিকে বিক্রি করে দেওয়ার কথা বলে ঘর থেকে নিয়ে যান।
সীমার অভিযোগ পেয়ে সদরঘাট থানা পুলিশ ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে। এর প্রায় দুই ঘণ্টা পর শিশু ফাতেমাকে উদ্ধার করে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, সাগর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। সীমা তখন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় যুগী চাঁদ মসজিদ এলাকায় তার সবশেষ অবস্থান শনাক্ত করা হয়। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, সাগর তার খালাতো ভাইকে গিয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তখন খালাতো ভাই কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রেখে দেন।













