বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ সোমবার একজনকে আটক করেছিল পুলিশ। যে ব্যক্তিকে আটক করা হয়েছিল তিনি ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গ্রেপ্তারের সময়ে তার গায়েও ছিল আর্জেন্টিনার জার্সি। আটকের পর পুলিশ ইয়াবা সামনে রেখে ওই ব্যক্তির ছবিও তোলে। কিন্তু সেই ছবি যখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে সরবারহ করা হয় তখন বদলে যায় জার্সি। খবর বিবিসি বাংলার।
অভিযোগ ওঠে, ইয়াবাসহ আটক ওই যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বদলে দিয়েছে পুলিশ। অবশ্যই এই অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ। তিনি জানিয়েছেন, যাকে আটক করা হয়েছিল তিনি আর্জেন্টাইন সমর্থক। তার গায়ে আর্জেন্টির ফুটবল দলের জার্সিও ছিল। তবে একজন পুলিশের কর্মকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিয়ে সেই ছবি মিডিয়া উইংয়ে সরবরাহ করেছে। পুলিশের এই কর্মকর্তা এটিও বলেছেন যে, যেই পুলিশ কর্মকর্তা ইয়াবা ব্যবসায়ীর গায়ে ব্রাজিলের জার্সি পড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে করেছেন সেটি দুষ্টুমি করেই করেছেন। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম তানজিল আহমেদ। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ–পরিদর্শকের দায়িত্বে রয়েছেন।
ঘটনাটি নিয়ে সমালোচনার পর ওই পুলিশ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে অভিযুক্ত পুলিশ শোকজের জবাব দিলে পরবর্তীতে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কী–না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।










