মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

অনিয়মের অভিযোগ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আপন চৌধুরী কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে দাখিলকৃত আর্থিক অনিয়ম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অযোগ্যতার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত পরিচালিত হয়। তদন্তে আর্থিক অনিয়ম, প্রশাসনিক আচরণে অসঙ্গতি, নীতিমালার ব্যত্যয়, বিরূপ ও অসৌজন্যমূলক আচরণ, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের অযোগ্যতা নিয়ে উত্থাপিত অভিযোগসহ ২০২৫ সালের অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা বোর্ডের বিধিবহির্ভূতভাবে ফরম পূরণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এবং তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থতার বিষয়গুলো সত্য প্রতিয়মান হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে রফিকুল ইসলামের নিকট বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব বহাল রাখা প্রতিষ্ঠানের সুশাসন, জবাবদিহিতা ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে প্রতিমান হয়েছে।

এ বিবেচনায় তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই আদেশে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ ও তদন্ত প্রতিবেদনের সুপারিশক্রমে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক নাসির উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া, তদন্তে উত্থাপিত নিয়োগসংক্রান্ত যোগ্যতা, আর্থিক অনিয়ম ও অন্যান্য অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের নিকট প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলংগদুতে মাহিন্দ্রা-টেক্সি সংঘর্ষ, শিশু নিহত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাগরে জেলেদের মৎস্য ফাঁড় দখল চেষ্টা