মহেশখালীর নিখোঁজ তিন কিশোর কিশোরগঞ্জে উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

মহেশখালীর হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নিখোঁজ তিন শিক্ষার্থীকে কিশোরগঞ্জ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ২২ আগস্ট সকাল নয়টার দিকে বিদ্যালয়ের গেট থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীরা হলো ইসমত জাকির নাবিল, মহসিন জাহান হক আদিল ও মোহাম্মদ মুহিত আলম। নিখোঁজের তিন দিন পর গত ২৪ আগস্ট রাতে কিশোরগঞ্জের একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ ও প্রধান শিক্ষক আবু তাহের জানান, তিন শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়ার পরপরই তারা অভিভাবকদের নিয়ে নিকটস্থ থানায় যান। থানা কর্তৃপক্ষ তখন থেকেই আন্তরিকভাবে সহযোগিতা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা কিশোরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নিরাপদে আছে।

তারা আরও জানান, তিন কিশোর কীভাবে মহেশখালী থেকে কিশোরগঞ্জে পৌঁছাল, সে বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তারা এখনো এলাকায় ফেরেনি। এলাকায় ফিরে এলে তাদের কেউ নিয়ে গিয়েছিল, নাকি তারা নিজেরাই স্বেচ্ছায় সেখানে গিয়েছিল, সে বিষয়ে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসম্পদ বিবরণী দাখিল না করায় একজনকে ৪ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধচীনা যুদ্ধবিমান জে-১০ কেনার চুক্তির খসড়া তৈরি : উপদেষ্টা জাহেদ