মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ৭ দফা দাবি আদায়ে কর্মসূচি

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের এক জরুরি সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহে আলম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু ফয়েজ, সদস্য সচিব মো. হারুনূর রশীদসহ উপস্থিত কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে গণপরিবহন চালকশ্রমিকদের পক্ষে প্রশাসনকে পেশ করা ৭দফা দাবি কার্যকর না হওয়ায় পূর্ব নির্ধারিত নগরীর ৭ টি পয়েন্টে চালকশ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, ৭ দফা দাবি আদায়ে ২২ আগস্ট শনিবার বিকাল ২.৩০টার সময় নগরীর অলংকার মোড়ে রাস্তার এক পাশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে অক্সিজেন মোড়, বহদ্দারহাট, নতুন ব্রিজ, নিউমার্কেট, কাটগড়, আগ্রাবাদ ও ইপিজেড এলাকায়ও এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী শনিবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য গণপরিবহনের সকল চালকশ্রমিকদের সর্বাত্মকভাবে উপস্থিত থাকার জন্য সমম্বয় পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিরল কাব্যপ্রতিভা
পরবর্তী নিবন্ধবসতঘরে চুরি, থানায় অভিযোগ