মশক নিধনে মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইন

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনের গৃহীত কার্যক্রমকে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে সামাজিক সংগঠন সুরক্ষা গতকাল রবিবার ডবলমুরিং থানার ২৪ নম্বর ওয়ার্ডে এক ব্যাপক সচেতনতামূলক ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে। ক্যাম্পেইনের শুরুতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী রাসুদুল ইসলাম রাসুদ বলেন, সিটি কর্পোরেশনের সময়োপযোগী পদক্ষেপের ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। সুরক্ষার পক্ষ থেকে পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাঃ রাশেদুজ্জামান মন্ডল মশক প্রজননের বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করে বিটিআই প্রযুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন। সুরক্ষা পরিবারের আরেক সদস্য আলী মশক নিধনের গুরুত্ব ব্যাখ্যা করে সকলকে নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এছাড়াও এই আয়োজনে আর্থিক পরিপালন গবেষক আরমান আলী, ক্রীড়া সংগঠক ফারুক খান, অনিক খান, লোকমান হোসেন নান্নু, সমাজ কল্যাণ পরিষদের পক্ষে মোহাম্মদ শাহজাহান, আবুল হোসেন বক্তব্য রাখেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও পানি জমে থাকা স্থানগুলো পরিদর্শন করেন। মশার লার্ভা ধ্বংসে জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অত্যাধুনিক জৈব কীটনাশক স্প্রে করা হয় এবং একই সাথে সাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে ডবলমুরিং থানাধীন ২৭নং ওয়ার্ডে গৃহিণীদের নিয়ে আলাদা একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যকর্মী মিসেস জয়া সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং ডেঙ্গু দমনে গৃহিণীদের করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মাঝে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পর এই ধরনের কোনো বিশেষ উদ্যোগ ও জনসচেতনতামূলক কার্যক্রম তারা প্রত্যক্ষ করছেন। তারা সিটি কর্পোরেশন ও সামাজিক সংগঠন সুরক্ষার এই যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং চট্টগ্রাম মহানগরীর মেয়রকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে ভেঙে পড়ল আমগাছ, যান চলাচল ব্যাহত
পরবর্তী নিবন্ধচরকানাই জনকল্যাণ সংস্থার সাধারণ সভা