মক্কাতুল মুকাররমাহ থেকে মদিনাতুল মুনাওয়ারাহ : মানুষ গড়ার নৈতিক ও আধ্যাত্মিক যাত্রা

মোহাম্মদ তারিকুল ইসলাম | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

আমার জীবনের পথচলায় বহু অভিজ্ঞতা এসেছে যেটি হচ্ছে ব্যবসা পরিচালনায় সিদ্ধান্ত নিতে গিয়ে, ব্যাবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে, সংকট কালীন ব্যবস্থাপনা অভিজ্ঞতা, আর অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলায়। আমার পেশার অন্তরালে আমি বুঝেছি, বাস্তবতা সবসময় সরল নয়; প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে ঝুঁকি, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদি প্রভাব। কিন্তু জীবনের এই বহুমাত্রিক অভিজ্ঞতার মাঝেও এমন কিছু মুহূর্ত আসে, যা একজন মানুষের ভেতরের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেয়। আমার জন্য সেই পরিবর্তনের সবচেয়ে গভীর উপলক্ষ হচ্ছে মক্কাতুল মুকাররমাহ ও মদিনাতুল মনাওয়ারায় জিয়ারতের সময়কাল।

প্রতি বছর এই দুই পুণ্যভূমি সফর আমার কাছে শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা না; এটি হচ্ছে আমার জন্য এক গভীর আত্মঅন্বেষণ, যেখানে আমি নিজেকে নতুনভাবে চিনতে শিখি এবং উপলব্ধি করি, নেতৃত্ব মানে শুধু অন্যদের পরিচালনা করা নয়; বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে নিজের উপস্থিতি অন্যদের জন্য নিরাপত্তা, ন্যায়বিচার এবং প্রেরণার উৎস হয়ে ওঠে।

ইহরাম পরিধানে যখন মক্কা শরীফে পৌঁছি, তখন এক অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন করল। সাদা দুই টুকরো কাপড়ের মধ্যে কোনো বাহ্যিক পরিচয়ের চিহ্ন নেই, কোনো পদমর্যাদা নেই, কোনো সামাজিক বিভাজন নেই। একজন ব্যবসায়ী, একজন পরিচালক বা সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আমার যে পরিচয়গুলো এতদিন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো যেন এক মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে গেল। সেখানে আমি শুধু একজন মানুষ, একজন বান্দা। কাবাঘরের সামনে দাঁড়িয়ে, লাখো মানুষের ভিড়ে তাওয়াফ করতে করতে আমি উপলব্ধি করলাম, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিনয়।

পবিত্র কাবার চারপাশে ঘুরতে ঘুরতে আমি আরও একটি গভীর সত্য উপলব্ধি করেছি, এখানে কোনো শ্রেণি নেই, কোনো জাতিগত বিভাজন নেই, কোনো অর্থনৈতিক পার্থক্য নেই। সবাই একই নিয়মে, একই পথে, একই উদ্দেশ্যে চলছে। এই দৃশ্য আমাকে শিখিয়েছে, নেতৃত্বের প্রকৃত শক্তি সমতার চেতনায় নিহিত। আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই অদৃশ্য দেয়াল তৈরি হয়, ম্যানেজমেন্ট ও কর্মীদের মধ্যে, সিনিয়র ও জুনিয়রের মধ্যে। কিন্তু একজন প্রকৃত নেতা এই দেয়ালগুলো ভেঙে দেন এবং এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে প্রত্যেক মানুষ নিজেকে মূল্যবান মনে করে।

পবিত্র মক্কার শরীফে বায়তুল্লাহর জিয়ারতের অভিজ্ঞতা আমাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করেছে, আমি কি এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে পারছি, যেখানে একজন কর্মী তার মতামত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? আমি কি এমন একটি পরিবেশ তৈরি করছি, যেখানে সম্মান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবে প্রতিফলিত হয়?

পক্ষান্তরে মদিনাতুল মুনাওয়ারাহ পৌঁছে আমি অনুভব করলাম এক ভিন্ন ধরনের প্রশান্তি, যেখানে শক্তির প্রকাশ নেই, বরং আছে মমতা, সহানুভূতি এবং সৌন্দর্য। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর আমাকে শিখিয়েছে, মানুষকে সম্মান দেওয়া কোনো কৌশল নয়; এটি একটি চরিত্রের প্রতিফলন। পবিত্র এ পুণ্যভূমিতে থাকাকালীন আমি লক্ষ্য করেছি, ছোট ছোট আচরণ, কথার নম্রতা, দৃষ্টির সৌজন্য, অপরের প্রতি সহানুভূতি, কীভাবে একজন মানুষকে মহৎ করে তোলে। এই বিষয়গুলো কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো যায় না; এগুলো আসে ভেতরের মানবিকতা থেকে।

একজন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমি উপলব্ধি করেছি, মানুষকে শুধু একটি ‘রিসোর্স’ হিসেবে দেখলে নেতৃত্ব সফল হয় না। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, তাদের অনুভূতি আছে, তাদের স্বপ্ন আছে, তাদের সীমাবদ্ধতা আছে। নবীজির স্মৃতি বিজড়িত শহর মদিনার পরিবেশ আমাকে শিখিয়েছে, আপনি যদি অন্যের কষ্ট অনুভব করতে না পারেন, তবে আপনি প্রকৃত অর্থে নেতৃত্ব দিতে পারবেন না। একজন সত্যিকারের নেতা সেই ব্যক্তি, যে নিজের সুবিধার আগে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেয়। আমরা প্রায়ই নেতৃত্বকে শক্তি, সিদ্ধান্ত এবং কর্তৃত্বের মাধ্যমে সংজ্ঞায়িত করি, কিন্তু বাস্তবে নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী উপাদান হলো সহানুভূতি।

আমার অনুভূতির ভেতরে আরেকটি উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, মানুষের জীবনের সাফল্য আসলে আমরা যেভাবে দেখি, সেভাবে সীমাবদ্ধ নয়। আমরা সাফল্যকে মাপি অর্জনে, সম্পদে, অবস্থানে, প্রভাবের বিস্তারে। কিন্তু মক্কা শরীফের পবিত্র পরিবেশে দাঁড়িয়ে এবং প্রিয় নবী রসুলে পাঁক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় পুন্য ভূমি মদিনা শরীফে অবস্থানকালে আমি অনুভব করেছি, সাফল্যের আসল অর্থ ভিন্ন, অনেক গভীর, অনেক পবিত্র। সত্যিকারের সাফল্য তখনই, যখন একজন মানুষের অন্তরের গভীরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যখন তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অর্জনের পেছনে থাকে এই প্রশ্ন, ‘এতে কি আমার রব আমার উপর সন্তুষ্ট হবেন? আমার আচরণে কি তাঁর হাবিব আমার উপর সন্তুষ্ট হবেন?’ এই অনুভূতি কোনো বই পড়ে শেখা যায় না, কোনো প্রশিক্ষণে অর্জন করা যায় না; এটি জন্ম নেয় সেই পবিত্র পরিবেশে, যেখানে মানুষ নিজের অহংকার ভুলে যায়, নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং নিজেকে সৃষ্টিকর্তার সামনে সম্পূর্ণভাবে সমর্পণ করে।

মক্কা শরীফে ইহরামের সরলতায় যখন মানুষ নিজেকে বিলীন করে দেয়, তখন সে বুঝতে শেখে জীবনের প্রকৃত মূল্য বাহ্যিক সজ্জায় নয়, বরং অন্তরের পবিত্রতায়। আর মদিনার শান্ত, মমতাময় পরিবেশে এসে সে উপলব্ধি করে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন, যদি সেই মানুষ হওয়ার ভেতরে থাকে ভালোবাসা, সম্মান এবং প্রিয় নবীর সুন্নাহর অনুসরণ। আমি গভীরভাবে অনুভব করেছি যে সাফল্যের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, তা সাময়িক; আর যে অর্জনের মধ্যে তাঁর হাবিবের দেখানো পথের ছাপ নেই, তা অসম্পূর্ণ। কিন্তু যে ব্যক্তি তার জীবনের লক্ষ্যকে এই দুই ভালোবাসার সাথে যুক্ত করতে পারে তার প্রতিটি ছোট কাজও এক একটি ইবাদতে পরিণত হয়, তার প্রতিটি সিদ্ধান্ত এক একটি নৈতিক অবস্থান হয়ে ওঠে, এবং তার জীবন এক সময় হয়ে যায় অন্যদের জন্য পথনির্দেশ।

আজ আমি যখন আমার পেশাগত জীবনে ফিরে তাকাই, বোর্ডরুমে, মিটিংয়ে, বা কোনো সংকটময় পরিস্থিতিতে, তখন পবিত্র মক্কা ও মদিনার শিক্ষা আমার জন্য একটি নৈতিক কম্পাস হিসেবে কাজ করে। আমি নিজেকে কিছু মৌলিক প্রশ্ন করি, এই সিদ্ধান্তটি কি ন্যায়সঙ্গত? এটি কি সংশ্লিষ্ট সবার জন্য সম্মানজনক? এটি কি দীর্ঘমেয়াদে সঠিক প্রভাব ফেলবে? এই প্রশ্নগুলো আমাকে দ্রুত নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি চেষ্টা করি সিদ্ধান্ত নেওয়ার আগে ন্যায়বিচার নিশ্চিত করতে, মানুষের সম্মান অক্ষুণ্‌ণ রাখতে এবং দায়িত্বকে ক্ষমতার উপরে স্থান দিতে। কারণ আমি বিশ্বাস করি, ক্ষমতা সাময়িক, কিন্তু চরিত্র স্থায়ী।

আমরা সাধারণত সাফল্যকে পরিমাপ করি সংখ্যায়, লাভ, প্রবৃদ্ধি, অবস্থান বা বাজার দখলের মাধ্যমে। কিন্তু আমার কাছে এখন সাফল্যের সংজ্ঞা ভিন্ন। সাফল্য হলো একটি অন্তরের অবস্থা, যেখানে একজন মানুষ অনুভব করে, সে তার রবের দিকে এগোচ্ছে, সে তার প্রিয় নবীর দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করছে। এই অনুভূতির মধ্যে যে প্রশান্তি, যে পরিপূর্ণতা, তা কোনো বাহ্যিক অর্জনের মাধ্যমে পাওয়া সম্ভব নয়।

এই দীর্ঘ আত্মঅন্বেষণের যাত্রার শেষে এসে আমি এক গভীর সত্য উপলব্ধি করেছি নিজেকে গঠন না করে নেতৃত্বের দাবি করা যায় না, আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো সাফল্য পূর্ণতা পায় না। মক্কা আমাকে শিখিয়েছে বিনয়, মদিনা আমাকে শিখিয়েছে মানবিকতা; আর এই দুইয়ের সমন্বয়েই একজন মানুষ প্রকৃত নেতৃত্বের পথে এগিয়ে যেতে পারে।

লেখক: প্রাবন্ধিক, শিল্প উদ্যোক্তা।

পূর্ববর্তী নিবন্ধআতশ কাচ
পরবর্তী নিবন্ধকঠিন পরিস্থিতির মধ্যে দেশের শিল্প বিনিয়োগ