ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ে ভুয়া নিয়োগ এবং মসজিদের ইমামমুয়াজ্জিন, খাদেমদের আর্থিক সহায়তা নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড, কর্মকর্তাদের নামপদবি ও পরিচয় ব্যবহার করে একটি দুষ্টচক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি দেওয়ার প্রলোভন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তা দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তাদের নজরে এসেছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্যান্য নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিস নির্ধারিত সরকারি বা প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ দিলে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ শাহ আলম
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার