বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়

শুভ বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রায় মেয়র

আজাদী ডেস্ক | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় গত ১ মে চট্টগ্রামেও শুভ বুদ্ধ পূর্ণিমা নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে ডিসি হিল থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যুদ্ধ নয় শান্তি চাইএই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না। ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সমপ্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

শান্তি শোভাযাত্রার উদ্বোধন মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেছেন, বর্তমান সময়ে হিংসা হানাহানির মাধ্যমে সমাজ কলুষিত হচ্ছে। এই সময় মহামানব গৌতমবুদ্ধ প্রচারিত অহিংসা মৈত্রীর অমূল্যবাণী ধারণ করে যদি মানব সমাজ এগিয়ে যায় তবেই দেশ ও বিশ্বময় শান্তির বাতাবরণ সৃষ্টি করা সম্ভব। আমরা এই দিনে ধর্মবর্ণগ্রোত্র নির্বিশেষে সকলে মিলে একটি শাান্তি ও সমপ্রীতিময় দেশ নির্মাণই হবে একমাত্র কামনা। প্রতিবছরের ন্যায় এবারও সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণ ও প্রায় ৭৫টি বৌদ্ধ সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে নগরের ডিসি হিলের সামনে থেকে বিশাল শান্তি র‌্যালি বের করা হয়।

বিশেষ অতিথি ছিলেন আর কেকে’র ব্রাঞ্চ মিনিস্টার জাপানীজ ব্যক্তিত্ব রেভা. কেইচি আকাগাউয়া। সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া ও লায়ন রণি কুমার বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, অজিত রঞ্জন বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, লায়ন টিংকু বড়ুয়া, ইঞ্জিনিয়ার অসীম কুমার বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অরুণ কুমার বড়ুয়া দেবু, সরোজ কুমার বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, তাপস বড়ুয়া, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী প্রমুখ। শান্তি শোভাযাত্রা ডিসি হিল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডিসি হিলে গিয়ে শেষ হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। গত ৩০ এপ্রিল১ মে দুদিনব্যাপী এই উৎসব উদযাপন করা হয়। ১ মে সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় কবুতর অবমুক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রাজীব দত্ত, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, রাহুল চৌধুরী প্রমুখ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গৌতম বুদ্ধের জীবনের ত্রি স্মৃতি বিজরিত পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা গত শুক্রবার মহাসমারোহে উদযাপন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হাটহাজারীর আওতাধীন বিভিন্ন বৌদ্ধ মন্দিরে/বিহারে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর জাতীয়, ধর্মীয় ও সংগঠন পতাকা উত্তোলন, বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, বুদ্ধ প্রতিবিম্বে স্নান করানো, বুদ্ধপূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধ৩৪ শিল্পীর তুলিতে ‘দি আর্ট রিভাইভাল’