বিসিবি নির্বাচন : তিন সদস্যের কমিশন গঠন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

আগামী ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যের এই কমিশন গঠনের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তিন সদস্যের এই নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) . বি. এম. এহসানুল মামুন। বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী পরিচালনা করবে এই কমিশন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে কাউন্সিলরদের ভোটে পরিচালক পর্ষদ নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত সেই পরিচালকদের মধ্য থেকেই ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি বেছে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের বার্ষিক স্পোর্টস ফেস্ট
পরবর্তী নিবন্ধমিরপুর টেস্ট জয়ে র‌্যাংকিংয়ে উন্নতি শান্তদের