বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট সংক্ষিপ্ত সফরে বেরিয়ে উধাও

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

ক্যামেরুনে ১৯৮৪ সালে পল বিয়া যখন তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তখনকার এক শিক্ষার্থী নফোরমি বিমের বয়স ছিল ২৩ বছর। এখন বিমের বয়স ৬৫ বছর, অবসর নিয়েছেন শিক্ষকতা থেকে। আর বিয়ার বয়স ৯৩ বছর, তিনিই দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। খবর বিডিনিউজের।

গত বছর এক বিতর্কিত নির্বাচনে অষ্টম মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। এর ফলে প্রায় ১০০ বছর বয়স পর্যন্ত তার ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচনের আগে বিয়া বলেছিলেন, সেরা সময় এখনও আসা বাকি। তার বিরোধীরা ওই নির্বাচনকে কারচুপিতে ভরা বলে বর্ণনা করেছিলেন। নির্বাচনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষও হয়েছিল। সিএনএন লিখেছে, চার দশক ধরে ক্যামেরুন শাসন করা ব্যক্তি গত দুই মাস ধরে নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছেন।

তার দপ্তরের ভাষায়, স্বল্প সময়ের ব্যক্তিগত সফরে গত ৭ জুন তিনি ইউরোপে যান। কয়েক বছরের মধ্যে মধ্য আফ্রিকার দেশটিতে এটিই তার সবচেয়ে দীর্ঘ টানা অনুপস্থিতি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট পল বিয়া জীবিত আছেন এবং খুব শিগগিরই দেশে ফিরবেন। প্রেসিডেন্ট থাকাকালে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে কাটিয়েছেন। তবে এবার তার দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং তার অনুপস্থিতিতে কে দেশ পরিচালনা করছেন এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে বিয়া সরকারের মুখপাত্র রেনে এমানুয়েল সাদি ফরাসি গত সপ্তাহে রেডিও আরএফআইকে বলেন, বিয়া সুইজারল্যান্ডের জেনিভায় আছেন এবং তিনি কোনো হাসপাতালে ভর্তি নেই। তবে তিনি বিয়ার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাননি। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে ক্যামেরুনে মাত্র দুজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পদত্যাগ করলে তৎকালীন প্রধানমন্ত্রী পল বিয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। এরপর ১৯৮৪ সালে প্রথম একদলীয় নির্বাচনে জয় এবং পরবর্তীতে বহুদলীয় রাজনৈতিক সংস্কারের মাধ্যমে টানা সাত নির্বাচনে জয়ী হয়ে ৪২ বছর ধরে তিনি শাসন ক্ষমতা ধরে রেখেছেন। সিএনএন লিখেছে, ক্যামেরুনের বেশিরভাগ নাগরিক তরুণ হলেও বিয়াই তাদের দেখা একমাত্র প্রেসিডেন্ট।

পূর্ববর্তী নিবন্ধরবিরশ্মির রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ‘জাগি গানের সুরে’
পরবর্তী নিবন্ধমিশিগানে গুলিবর্ষণ সন্দেহভাজনসহ নিহত ৬