হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান,হাটহাজারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চারা বিতরণের আয়োজন করে। দেশে প্রথম বারের মত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহের সরকারি ভাবে উদযাপন করার উদ্যোগ গ্রহন করে সরকার। প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, সরকার প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। সরকার গৃহীত সেবা জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবার প্রথম বারের মত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহ উদযাপনের উদ্যোগ গ্রহন করে । তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার ৫ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপন ও বিতরনের অংশ হিসেবে এই সেবা সপ্তাহে সদস্যদের মধ্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, লায়ন অনুপম বড়ুয়া ও নূরুল আমিন, গোলাম হোসেন, আলতাফ রহমান হেলালী, সুদীপ্তা তালুকদার। পরে উপস্থিত সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান,‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা র্যালিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিআরডিবির প্রতিনিধি অংশগ্রহণ করেন। শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন ইউসিসিএ এর চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন মাস্টার লোকমান আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সুপন নন্দী, ডা.মো. মুমিনুল হক, খাদ্য অফিসার সেলিম হেলালি, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ,ব্যাংকার সালমা রহমান,যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান নির্বাহী ইয়াসমিন পারভিন,নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াছিন, মুন্নী দাশ প্রমুখ।
বক্তারা পল্লী উন্নয়নের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন রাঙ্গুনিয়ার যৌথ উদ্যোগে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ইউসুফ চৌধুরী।স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা। সংগঠনের সহ সভাপতি ওসমান গনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, কুতুব উদ্দিন বাহার, নবাব মিয়া চৌধুরী, আবদুল সালাম, হেলাল উদ্দিন শাহ, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে গাছের চারা বিকরণ এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।










