বাবার হাতের আঙুল ধরে

কাজী জাহাঙ্গীর | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গাঁয়ের পথে হাঁটতে থাকা বাবার হাতের আঙুল ধরে

আমার মেয়ের কান্না দেখে আমার চোখেও অশ্রু ঝরে

সন্তান আমার এখন যখন আমার বুকে আচড়ে পরে

মন ঘুরে যায় বাবার কাছে, কী করেছি কেমন করে

ভাবতে থাকি উদাস হয়ে, উঠে–বসে, নড়ে–চড়ে

আমিও কি বাবার বুকে পড়েছিলাম এমনি করে?

মা বলেছে বাবার কাঁধে চড়েই গেছি অনেকটা দূর

খাল ও নদী পেরিয়ে যখন বাবা ছুটলো একাত্তুর।

পাক হানাদার পুড়েছে গ্রাম, লুটেছে কত হাজার ঘর

বাবার মুখে সব শুনেছি ক্ষোভে ফাটে এ অন্তর

আজকে আমার আঙুল ধরে মেয়ে যখন এগিয়ে যায়

বাবা তোমায় খুব খোঁজে মন, বুকটাও সেই স্পর্শ পায়

তোমার মতন আমিও এখন হয়ে গেছি বাবা তো এক

তোমার ব্যথা পোড়ায় আমায় বুঝি বাবার কী উদ্বেগ

সকল বাবাই বেঁচে থাকুক আকাশ হয়ে মাথার পরে

সব সন্তান বেড়ে উঠুক, আগাক বাবার আঙুল ধরে।

পূর্ববর্তী নিবন্ধমনের মতো দাদু
পরবর্তী নিবন্ধস্বপ্ন ছোটে বাড়ি