কু ঝিকঝিক কু ঝিকঝিক ট্রেন ছুটেছে রাতে
মা –বাবা আর দিদি আছে ছোট্ট ধ্রুবর সাথে,
পুজোর ছুটি তাইতো ধ্রুব যাচ্ছে মাসির বাড়ি
জোড়া ইলিশ রসগোল্লা নিয়ে দইয়ের হাড়ি।
মাসির বাড়ি ময়নামতি পাহাড় চূড়া ঘেঁষে
শরৎ এলেই শিউলি জবা ডাক দিয়ে যায় হেসে,
শুভ্র মেঘের ফাঁকেফাঁকে জোনাক পোকার আলো
ঝিরিঝিরি ঝর্না ঝরে কী যে লাগে ভালো।
উঠবে সেজে পুজোর বেদি এই পাহাড়ের কোল
ফুটবে আতশবাজিরে ভাই বাজবে সানাই ঢোল,
শুক্লপক্ষের ষষ্ঠীতে তাই উঠলে ফুটে চাঁদ
দুর্গা মায়ের আগমনে জোছনা ছড়ায় রাত।










