আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দলের একাংশ। দুবাইয়ে পৌঁছানোর পর ৪ ও ৫ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বর্তমানে এশিয়ান গেমসে অংশ নেওয়া জাপানে অবস্থানরত বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে আবুধাবি যাবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর থেকে শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ১৭ অক্টোবর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য খুব কম সময় পাবে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ অক্টোবর একই ভেন্যুতে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর শুরু হবে এ সিরিজ। এদিকে অসুস্থতা থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজ জাতীয় দলের সাথে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, এশিয়ান গেমস থেকে গতকাল দেশে ফেরার সময় শান্তর অনেক জ্বর ছিল এবং দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। নাফিসের মতে, শান্তর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। নাফিস বলেন, ‘আগামীকাল(আজ) দলের সঙ্গে প্রথম বহরে আরব আমিরাত সফরে যাচ্ছেন না শান্ত।’ তিনি আরও জানান, সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁ–হাতি ব্যাটার।












