২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচির সময়সীমা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি–টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচিত অনযায়ী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এরপর ২০৩২ ও ২০৩৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি। আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত জুনে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি তৈরিতেও এটি ভূমিকা রাখবে।
এদিকে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। ইন্দোনেশিয়ার বালিতে গতকাল অনুষ্ঠিত আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটে পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব। এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বেই আটটি করে দল অংশ নেবে। দলগুলো চারটি করে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি বাছাইপর্বে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি করে। গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে। এলএ ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটিই হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ। ১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ফিরছে ক্রিকেট। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য লড়বে ছয়টি করে দল। দলগুলোর যোগ্যতা নির্ধারণ হবে মূলত মহাদেশীয় র্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।












